নামখানার ঐতিহ্যবাহী কাঁকড়াবুড়ি মন্দিরে বিজেপি যুব মোর্চার বিশেষ পুজো ও মানত রক্ষা
*নামখানার ঐতিহ্যবাহী কাঁকড়াবুড়ি মন্দিরে বিজেপি যুব মোর্চার বিশেষ পুজো ও মানত রক্ষা*
আসন্ন ২০২৬ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে দলীয় প্রার্থীর জয়ের কামনায় মানত করেছিলেন বিজেপির কর্মী-সমর্থকরা। সেই মানত রক্ষায় নামখানার ঐতিহ্যবাহী কাঁকড়াবুড়ি মন্দিরে বিশেষ পুজো ও প্রার্থনার আয়োজন করল বিজেপির মণ্ডল 5 যুব মোর্চা।
দলীয় সূত্রে জানা গিয়েছে, কাকদ্বীপ ও সাগর বিধানসভা এলাকার সাধারণ মানুষ স্থানীয় প্রতিনিধি তথা বিধায়ক সুমন্ত মণ্ডলকে সমর্থন ও আশীর্বাদ জানালে কাঁকড়াবুড়ি মন্দিরে বিশেষ পুজো দেওয়া হবে—এই মর্মে মানত করা হয়েছিল। সেই প্রতিশ্রুতি পূরণ করতেই এদিন যুব মোর্চার কর্মী-সমর্থকরা মন্দিরে উপস্থিত হয়ে পুজো ও প্রার্থনায় অংশ নেন।
অনুষ্ঠান থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দীর্ঘ প্রশাসনিক কর্মকাণ্ড ও সুশাসনের প্রশংসা করা হয়। দেশের প্রান্তিক মানুষ ও মহিলাদের জন্য কেন্দ্রীয় সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্পের কথাও তুলে ধরা হয়। প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ প্রার্থনা করেন উপস্থিত বিজেপি কর্মীরা।
এদিনের কর্মসূচিতে সম্প্রতি ঘটে যাওয়া বিমান দুর্ঘটনার প্রসঙ্গও উঠে আসে। দুর্ঘটনার সময় দক্ষতার সঙ্গে বহু যাত্রীর প্রাণ রক্ষায় পাইলট সুমিত মচ্ছরের সাহসিকতা ও দক্ষতার প্রশংসা করা হয়। তাঁর সুস্বাস্থ্য ও মঙ্গল কামনাতেও প্রার্থনা করা হয়।
বিজেপির মণ্ডল 5 যুব মোর্চার কার্যকর্তা অভিজিৎ মাইতি বলেন, “আমরা যে মানত করেছিলাম, সেই মানত রক্ষা করতেই আজ কাঁকড়াবুড়ি মন্দিরে বিশেষ পুজোর আয়োজন করেছি। মানুষের আশীর্বাদ ও সমর্থন নিয়ে আগামী দিনে আরও শক্তিশালীভাবে মানুষের পাশে থাকার লক্ষ্যেই আমাদের এই কর্মসূচি। দেশের উন্নয়ন ও সাধারণ মানুষের কল্যাণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বের প্রতি আমাদের আস্থা রয়েছে।”
এই কর্মসূচিকে ঘিরে বিজেপি যুব মোর্চার কর্মী-সমর্থকদের মধ্যে উৎসাহ দেখা যায়।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন