ভুসো কালি ও আঠায় নরেন্দ্র মোদীর প্রতিকৃতি, জন্মদিনে শিল্পীর অভিনব শ্রদ্ধার্ঘ্য

ভুসো কালি ও আঠায় নরেন্দ্র মোদীর প্রতিকৃতি, জন্মদিনে শিল্পীর অভিনব শ্রদ্ধার্ঘ্য

 বঙ্গভূমি নিউজ, নিজস্ব প্রতিনিধি,নামখানা, দক্ষিণ ২৪ পরগনা: প্রচলিত রং-তুলির বদলে ভুসো কালি ও আঠাকে শিল্পের মাধ্যম হিসেবে ব্যবহার করে ভারতের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর প্রতিকৃতি তৈরি করে অভিনব নজির গড়লেন নামখানার শিল্পী পলাশ দাস। প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে তাঁর এই বিশেষ শিল্পকর্মে ফুটে উঠেছে শিল্পীর নিজস্ব ভাবনা ও শ্রদ্ধার প্রকাশ।

সাদা ক্যানভাসের উপর আঠা ব্যবহার করে তার উপর ভুসো কালি ছড়িয়ে অত্যন্ত নিখুঁতভাবে প্রধানমন্ত্রীর প্রতিকৃতি ফুটিয়ে তুলেছেন শিল্পী। সম্পূর্ণ ভিন্নধর্মী এই শিল্প কলার মাধ্যমে নিজের অনুভূতি প্রকাশ করেছেন পলাশ দাস।

শিল্পীর কথায়, “শিল্পের ভাষায় শ্রদ্ধা ও শুভেচ্ছা জানানোর এটি আমার ছোট্ট প্রচেষ্টা। দেশের উন্নয়ন ও অগ্রগতির ভাবনাকে সামনে রেখে একজন শিল্পী হিসেবে আমার অনুভূতিকে এই সৃষ্টির মাধ্যমে প্রকাশ করতে চেয়েছি।”

নামখানার এই শিল্পী এর আগেও বালি, স্যান্ড রঙ্গোলি-সহ বিভিন্ন অভিনব মাধ্যম ব্যবহার করে একাধিক শিল্পকর্ম তৈরি করেছেন। তাঁর তৈরি রবীন্দ্রনাথ ঠাকুরের বালু-শিল্প ইতিমধ্যেই India Book of Records-এ স্বীকৃতি পেয়েছে। রেকর্ড সংস্থার তথ্য অনুযায়ী, বকখালি সমুদ্রসৈকতে তৈরি ওই শিল্পকর্মটির মাপ ছিল ৬ ফুট × ৪ ফুট × ৪ ফুট।

এছাড়াও দিল্লির লাল কেল্লার বালু শিল্প-সহ একাধিক উল্লেখযোগ্য শিল্পকর্ম তৈরি করেছেন তিনি। চলতি বছরে পশ্চিমবঙ্গ দিবস এবং ২১ জুন বিশ্ব যোগ দিবস উপলক্ষে বকখালি সমুদ্রসৈকতে সরকারি আধিকারিক ও বিশিষ্টজনেদের উপস্থিতিতে স্যান্ড রঙ্গোলি আর্ট ফর্মে ৩৭,৫০০ বর্গফুটের পশ্চিমবঙ্গের মানচিত্র তৈরি করেন পলাশ দাস।

২০২৩ থেকে ২০২৬ সালের মধ্যে তাঁর বিভিন্ন শিল্পকর্ম নিয়ে The Indian Express Bangla, The Morning India, বর্তমান, যুগ শঙ্খ, বিশ্ব সমাচার-সহ একাধিক সংবাদমাধ্যমে প্রতিবেদন ও আলোচনা প্রকাশিত হয়েছে।

প্রধানমন্ত্রীর জন্মদিনে তৈরি এই নতুন শিল্পকর্মের মাধ্যমে ফের অভিনব শিল্পমাধ্যমে নিজের দক্ষতার পরিচয় দিলেন নামখানার শিল্পী পলাশ দাস। নতুন নতুন মাধ্যমের মাধ্যমে স্থানীয় প্রতিভা এবং ভারতীয় শিল্পভাবনাকে বৃহত্তর পরিসরে তুলে ধরাই তাঁর লক্ষ্য বলে জানিয়েছেন শিল্পী।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

গ্রামীণ মানুষের জন্য রেডিও বিষয় কর্মশালা

নামখানাতে ছাত্র-ছাত্রীদের নিয়ে বিশ্ব দুগ্ধ দিবস উদযাপন*