পর্যটক বিমুখ মৌসুনি দ্বীপ,বেহাল রাস্তার জেরে ধুঁকছে পর্যটন ব্যবসা

পর্যটক বিমুখ মৌসুনি দ্বীপ,বেহাল রাস্তার জেরে ধুঁকছে পর্যটন ব্যবসা
 বঙ্গভূমি নিউজ,রবীন্দ্রনাথ মণ্ডল,নামখানা :


বর্ষার সমুদ্রের রূপ দেখতে যখন দীঘা, পুরী কিংবা বকখালিতে পর্যটকদের উপচে পড়া ভিড়, তখন কার্যত পর্যটকশূন্য দক্ষিণ ২৪ পরগনার অন্যতম আকর্ষণীয় পর্যটনকেন্দ্র মৌসুনি দ্বীপ। সমুদ্রের ঢেউ, বিস্তীর্ণ বেলাভূমি, প্রকৃতির অপরূপ সৌন্দর্য এবং নিরিবিলি পরিবেশ.পর্যটকদের আকর্ষণ করার মতো কোনও কিছুরই অভাব নেই এখানে। কিন্তু সবকিছুকে ছাপিয়ে বড় হয়ে উঠেছে যোগাযোগ ব্যবস্থার সমস্যা। বেহাল রাস্তার কারণে মৌসুনি থেকে ধীরে ধীরে মুখ ফিরিয়ে নিচ্ছেন পর্যটকরা বলে অভিযোগ স্থানীয় ব্যবসায়ীদের।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দ্বীপের সমুদ্র সংলগ্ন একাধিক হোটেল, ক্যাম্প ও রিসোর্টে যাওয়ার রাস্তার অবস্থা বর্তমানে অত্যন্ত খারাপ। বর্ষার বৃষ্টিতে দ্বীপের অভ্যন্তরের একাধিক পাকা রাস্তা কার্যত চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। কোথাও তৈরি হয়েছে বড় বড় গর্ত, কোথাও রাস্তার পিচ উঠে গিয়ে কাদামাটির চেহারা নিয়েছে। ফলে ছোট গাড়ি তো বটেই, সাইকেল বা অন্যান্য ছোট যানবাহন নিয়েও যাতায়াতে সমস্যায় পড়ছেন স্থানীয় বাসিন্দা ও পর্যটকরা।বিশেষ করে বারোশোয়াল থেকে বিল্লোমোড় হয়ে বালিখাল পর্যন্ত রাস্তার অবস্থা অত্যন্ত করুণ বলে অভিযোগ। একইসঙ্গে শাসমল বাঁধ থেকে দক্ষিণ দুর্গাপুর-বাগডাঙ্গা খেয়াঘাট এবং ১০ মাইল থেকে পাতিবুনিয়া খেয়াঘাট পর্যন্ত রাস্তার বেহাল দশা নিয়েও ক্ষোভ রয়েছে স্থানীয়দের। এই রাস্তাগুলিই দ্বীপের বিভিন্ন অংশের সঙ্গে যোগাযোগের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম। ফলে রাস্তার দুরবস্থার কারণে প্রতিদিনই সমস্যায় পড়ছেন স্থানীয় বাসিন্দারা।
পর্যটন ব্যবসায়ীদের অভিযোগ, রাস্তা সংস্কারের বিষয়ে প্রশাসনের বিভিন্ন স্তরে বারবার জানানো হলেও দীর্ঘদিন ধরে স্থায়ী সমাধান হয়নি।
 পরিস্থিতিতে ক্ষুব্ধ হয়ে বারোশোয়াল এলাকার এক রিসোর্ট মালিক মুখ্যমন্ত্রী ও প্রশাসনের শীর্ষ কর্তৃপক্ষের কাছেও অভিযোগ জানিয়েছেন বলে জানা গিয়েছে।
মৌশুনী টুরিজম ওয়েলফেয়ার সোসাইটির সভাপতি অরুণ জানা বলেন, মৌসুনির প্রধান রাস্তা থেকে পর্যটনকেন্দ্রে যাওয়ার একাধিক শাখা রাস্তার অবস্থা বেহাল। পাশাপাশি শাসমল বাঁধ থেকে দক্ষিণ দুর্গাপুর-বাগডাঙ্গা খেয়াঘাট এবং ১০ মাইল থেকে পাতিবুনিয়া খেয়াঘাটের রাস্তাও দীর্ঘদিন ধরে সমস্যাজনক। তাঁর দাবি, রাস্তার এই পরিস্থিতির কারণে পর্যটকরা ধীরে ধীরে মৌসুনি থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন। ফলে ক্ষতির মুখে পড়ছেন হোটেল, রিসোর্ট এবং পর্যটন ব্যবসার সঙ্গে যুক্ত স্থানীয় মানুষজন। বিষয়টি প্রশাসনকে জানানো হয়েছে বলেও জানান তিনি। দ্রুত রাস্তা সংস্কারের দাবি জানিয়েছেন অরুণ জানা।
অন্যদিকে, রাস্তা সংস্কারের বিষয়ে আশ্বাস দিয়েছেন সাগর বিধানসভার বিধায়ক সুমন্ত মণ্ডল। তিনি জানান, শাসমল বাঁধ থেকে দক্ষিণ দুর্গাপুর-বাগডাঙ্গা এবং ১০ মাইল থেকে পাতিবুনিয়া খেয়াঘাটের রাস্তা সংস্কারের জন্য ইতিমধ্যেই টেন্ডার হয়ে গিয়েছে। খুব শীঘ্রই কাজ শুরু হবে। পাশাপাশি হুজ্জাইতে খেয়াঘাট এবং মণ্ডলবাজার খেয়াঘাট থেকে মৌসুনি পর্যটনকেন্দ্র পর্যন্ত রাস্তার দু’পাশে সোলার আলোর ব্যবস্থা করার পরিকল্পনাও রয়েছে। অন্যান্য বেহাল রাস্তার ক্ষেত্রে বর্ষা শেষ হওয়ার পর পাকা রাস্তা নির্মাণের আশ্বাসও দিয়েছেন তিনি।রাস্তার বেহাল দশার সরাসরি প্রভাব পড়ছে মৌসুনির পর্যটন ব্যবসায়। পর্যটকের সংখ্যা কমে যাওয়ায় আর্থিক সমস্যায় পড়েছেন স্থানীয় হোটেল, রিসোর্ট, ক্যাম্প এবং ছোট ব্যবসার সঙ্গে যুক্ত বহু মানুষ। পর্যটনের উপর নির্ভরশীল দ্বীপের অর্থনীতিতেও তার প্রভাব পড়ছে বলে দাবি ব্যবসায়ীদের।
প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর মৌসুনি দ্বীপকে পর্যটকদের কাছে আরও আকর্ষণীয় করে তুলতে হলে উন্নত যোগাযোগ ব্যবস্থা যে অত্যন্ত জরুরি, তা নিয়ে কোনও সংশয় নেই স্থানীয়দের। তাই প্রতিশ্রুতি নয়, দ্রুত রাস্তা সংস্কারের কাজ শুরু হোক।এখন এমনটাই দাবি দ্বীপবাসীর। প্রশাসনের দ্রুত হস্তক্ষেপে বেহাল রাস্তার সমস্যা মিটবে এবং মৌসুনিতে ফের পর্যটকদের আনাগোনা বাড়বে, সেই আশাতেই দিন গুনছেন স্থানীয় ব্যবসায়ী ও বাসিন্দারা।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

গ্রামীণ মানুষের জন্য রেডিও বিষয় কর্মশালা

ভুসো কালি ও আঠায় নরেন্দ্র মোদীর প্রতিকৃতি, জন্মদিনে শিল্পীর অভিনব শ্রদ্ধার্ঘ্য

নামখানাতে ছাত্র-ছাত্রীদের নিয়ে বিশ্ব দুগ্ধ দিবস উদযাপন*