জীবনতলায় দেশি আগ্নেয়াস্ত্র উদ্ধার, গ্রেফতার ১
জীবনতলায় দেশি আগ্নেয়াস্ত্র উদ্ধার, গ্রেফতার এক
নিজস্ব সংবাদদাতা, জীবনতলা: গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে দক্ষিণ ২৪ পরগনার জীবনতলা থানার পুলিশ এক ব্যক্তিকে গ্রেফতার করল। ধৃতের দেখানো মতে রাস্তার ধারের একটি ‘আলা’ থেকে উদ্ধার হয়েছে একটি দেশি তৈরি আগ্নেয়াস্ত্র।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, বুধবার, ১৬ সেপ্টেম্বর রাতে প্রায় ৯টা ৩৫ মিনিট নাগাদ খবর আসে, জীবনতলা থানার মৌখালি কাছারিঘাট এলাকায় এক ব্যক্তি অবৈধ আগ্নেয়াস্ত্র নিয়ে ঘোরাফেরা করছে। খবর পেয়ে দ্রুত অভিযান চালায় পুলিশ। রাত প্রায় ১০টা ২০ মিনিট নাগাদ আজিজুল মোল্লা নামে এক ব্যক্তিকে আটক করা হয়।
পুলিশের দাবি, জিজ্ঞাসাবাদের সময় ধৃত ব্যক্তি জানায়, মৌখালি কাছারিঘাটে রাস্তার ধারে একটি ‘আলা’-র মধ্যে সে আগ্নেয়াস্ত্রটি লুকিয়ে রেখেছে। এরপর তার দেখানো জায়গায় তল্লাশি চালিয়ে প্রায় ১২৪ সেন্টিমিটার লম্বা একটি দেশি তৈরি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়। একজন স্বাধীন সাক্ষীর উপস্থিতিতে আইনানুগ প্রক্রিয়ায় অস্ত্রটি জব্দ করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা যায়।
ঘটনায় ধৃতের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করেছে জীবনতলা থানার পুলিশ। পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে তাকে আদালতে পেশ করা হবে। আগ্নেয়াস্ত্রটি কোথা থেকে এল এবং এর সঙ্গে আর কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন