বারুইপুরে রহস্যজনকভাবে নিখোঁজ মা ও ৬ বছরের ছেলে, আটক টোটো চালক

বারুইপুরে রহস্যজনকভাবে নিখোঁজ মা ও ৬ বছরের ছেলে, আটক টোটো চালক

নিজস্ব সংবাদদাতা, বারুইপুর: মা ও তাঁর ছয় বছরের নাবালক সন্তানের রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যাওয়ার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়াল বারুইপুরের ৫ নম্বর ওয়ার্ডের কালিকানন এলাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, নিখোঁজদের নাম খুকুমনি সরদার এবং তাঁর ছয় বছরের ছেলে বিজয় সী। গত বুধবার দুপুর থেকে তাঁদের আর কোনো খোঁজ মিলছে না।

স্থানীয় সূত্র ও নিখোঁজ পরিবারের সূত্রে জানা গিয়েছে, গত বুধবার সকালে প্রতিদিনের মতোই ছেলেকে স্কুলে নিয়ে যান খুকুমনি দেবী। কিন্তু তারপর থেকে আর শিশুটি বাড়ি ফেরেনি। পরবর্তীতে খুকুমনি দেবী একা বাড়িতে ফিরে নিজের আধার কার্ড ও ভোটার কার্ড সঙ্গে নিয়ে পুনরায় বেরিয়ে যান। এরপর থেকেই মা ও ছেলে উভয়েই নিরুদ্দেশ।

ঘটনায় প্রকাশ, স্থানীয় টোটো চালক সমীর চৌধুরীর স্ত্রী সুমিতা সরদারের সঙ্গে খুকুমনি দেবীর বেশ কিছুদিন ধরে পরিচয় ছিল এবং তাঁদের বাড়িতে যাতায়াতও ছিল। বাসিন্দাদের অভিযোগ, সুমিতা সরদারের উস্কানি ও প্রত্যক্ষ যোগসাজশেই মা ও ছেলেকে গায়েব করা হয়েছে।

ঘটনার জের ধরে শুক্রবার এলাকায় প্রবল উত্তেজনা সৃষ্টি হয়। উত্তেজিত স্থানীয় বাসিন্দারা সন্দেহভাজন টোটো চালক সমীর চৌধুরীকে ঘিরে ধরে আটক করে রাখেন। খবর পেয়ে বারুইপুর থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ওই টোটো চালককে উদ্ধার করে এবং জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যায়।

নিখোঁজ গৃহবধূর পরিবারের পক্ষ থেকে ইতিমধ্যেই বারুইপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। এলাকার বাসিন্দাদের দাবি, আটক টোটো চালক ও তাঁর স্ত্রীকে জিজ্ঞাসাবাদ করে দ্রুত নিখোঁজ মা ও ছেলেকে উদ্ধার করতে হবে। ঘটনার বিষয়ে তদন্ত শুরু করেছে বারুইপুর থানার পুলিশ।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

গ্রামীণ মানুষের জন্য রেডিও বিষয় কর্মশালা

ভুসো কালি ও আঠায় নরেন্দ্র মোদীর প্রতিকৃতি, জন্মদিনে শিল্পীর অভিনব শ্রদ্ধার্ঘ্য

নামখানাতে ছাত্র-ছাত্রীদের নিয়ে বিশ্ব দুগ্ধ দিবস উদযাপন*