*কাকদ্বীপে জয়েন্ট বিডিও পরিচয়ে চাকরির নামে প্রতারণার অভিযোগ, সাধারণ মানুষকে সতর্কবার্তা*
*কাকদ্বীপে জয়েন্ট বিডিও পরিচয়ে চাকরির নামে প্রতারণার অভিযোগ, সাধারণ মানুষকে সতর্কবার্তা*
সন্দীপ দাস ,কাকদ্বীপ:
কাকদ্বীপে জয়েন্ট বিডিও (Joint BDO) পরিচয়ে ফোন করে সাধারণ মানুষকে প্রতারণা করার অভিযোগ সামনে এসেছে। সরকারি চাকরি—বিশেষ করে আইসিডিএস (ICDS) সুপারভাইজার পদে আবেদন করিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে নথি ও টাকা চাওয়ার বিষয়টি নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনাটি সামনে আসতেই সাধারণ মানুষকে সতর্ক করেছেন কাকদ্বীপের জয়েন্ট বিডিও নাফিজ আহমেদ।
প্রতারণার কৌশল ও অভিযোগ
জানা গেছে, ৩১ আগস্ট রাত প্রায় ৭:৫৯ মিনিট নাগাদ এমনই একটি প্রতারণামূলক ফোন আসে। ফোনের অপর প্রান্তের ব্যক্তি নিজেকে কাকদ্বীপের জয়েন্ট বিডিও হিসেবে পরিচয় দেন। এরপর আইসিডিএস সুপারভাইজার পদে আবেদন করিয়ে দেওয়ার নামে নথিপত্র চাওয়া হয় এবং আর্থিক লেনদেনের কথা বলা হয়।
জয়েন্ট বিডিও নাফিজ আহমেদ জানান, তাঁর কাছে ইতিমধ্যেই এই বিষয়ে একাধিক লিখিত অভিযোগ জমা পড়েছে। এক মহিলার অভিযোগ থেকে জানা যায়, তাঁর কাছে কম্পিউটার ও ট্যালি (Tally) সার্টিফিকেট চাওয়া হয়েছিল। সেই সার্টিফিকেট না থাকায়, নির্দিষ্ট পরিমাণ অর্থ দিলে ভুয়ো সার্টিফিকেট তৈরি করে দেওয়ার পাশাপাশি আইসিডিএস সুপারভাইজার পদে আবেদনের আশ্বাস দেওয়া হয়।
ঘটনার পর এক ভিডিও বার্তায় নাফিজ আহমেদ স্পষ্টভাবে জানান, তিনি বা তাঁর কার্যালয়ের কোনো কর্মী ফোন করে কোনো সরকারি চাকরি বা সরকারি সুযোগ-সুবিধা পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেবেন না।
সাধারণ মানুষকে সতর্ক করতে তিনি আরো বলেন
জয়েন্ট বিডিও বা সরকারি আধিকারিকের নামে ফোন বা মেসেজে চাকরির প্রতিশ্রুতি দিলে কোনো আর্থিক লেনদেন করবেন না। এ ধরনের ফোন, মেসেজ বা সোশ্যাল মিডিয়া মারফত যোগাযোগ করা হলে দ্রুত নিকটবর্তী থানায় ও বিডিও অফিসে লিখিত অভিযোগ জানান।
প্রতারণার প্রমাণ হিসেবে ফোনের কল রেকর্ডিং, হোয়াটসঅ্যাপ চ্যাটের স্ক্রিনশট এবং ফোন নম্বর সংরক্ষণ করে অভিযোগপত্রের সঙ্গে জমা দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
সরকারি পদে বসিয়ে দেওয়ার নাম করে প্রতারণার এই চক্রের বিরুদ্ধে কাকদ্বীপে প্রশাসনিক তৎপরতা ও সতর্কতা জারি করা হয়েছে।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন