রাখির বন্ধনে সম্প্রীতির বার্তা, সঙ্গে ‘সেফ ড্রাইভ, সেভ লাইফ’-এর সচেতনতা
রাখির বন্ধনে সম্প্রীতির বার্তা, সঙ্গে ‘সেফ ড্রাইভ, সেভ লাইফ’-এর সচেতনতা
শুভজিৎ শাসমল,নামখানা:
রাখির বন্ধনে সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিল ভারতীয় জনতা পার্টির সাগর মণ্ডল-৫-এর যুব ও মহিলা মোর্চার সদস্যরা। শুক্রবার, ২৮ আগস্ট বিকেল ৩টে থেকে নামখানার লালপোল সংলগ্ন এলাকায় আয়োজিত হয় রাখি বন্ধন উৎসব। সাগর মণ্ডল-৫-এর যুব মোর্চার প্রাক্তন সভাপতি অভিজিৎ মাইতির উদ্যোগে এই কর্মসূচিতে অংশ নেন যুব মোর্চা ও মহিলা মোর্চার সদস্যরা।
এদিন পথচলতি মানুষ থেকে শুরু করে টোটো, অটো এবং বিভিন্ন যানবাহনের চালকদের হাতে রাখি পরিয়ে দেওয়া হয়। পাশাপাশি সকলকে মিষ্টিমুখ করিয়ে ভ্রাতৃত্ব, ভালোবাসা ও সামাজিক সম্প্রীতির বার্তা তুলে ধরেন উদ্যোক্তারা। রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে উঠে সাধারণ মানুষের সঙ্গে ভালোবাসার বন্ধন তৈরি করাই ছিল এই কর্মসূচির অন্যতম উদ্দেশ্য।
রাখি বন্ধনের পাশাপাশি এদিন মানুষের মধ্যে পথ নিরাপত্তা নিয়ে সচেতনতা গড়ে তুলতে ‘সেফ ড্রাইভ, সেভ লাইফ’-এর বার্তাও দেওয়া হয়। মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণা এবং সাগরের বিধায়ক সুমন্ত মণ্ডলের সহযোগিতায় এই সচেতনতা কর্মসূচি করা হয় বলে উদ্যোক্তাদের পক্ষ থেকে জানানো হয়েছে।
বিশেষ করে যেসব বাইক চালকের মাথায় হেলমেট ছিল না, তাঁদের হাতে সম্পূর্ণ বিনামূল্যে হেলমেট তুলে দিয়ে নিরাপদে বাইক চালানোর আবেদন জানানো হয়। উদ্যোক্তাদের এই উদ্যোগে সাধারণ মানুষের মধ্যেও ইতিবাচক সাড়া দেখা যায়।
এ বিষয়ে সাগর মণ্ডল-৫-এর সম্পাদক তথা নামখানা পঞ্চায়েতের বিরোধী দলনেতা অরুণ জানা বলেন, “রাখি বন্ধনের মতো একটি পবিত্র উৎসবকে সামনে রেখে আমরা অভিনব পদ্ধতিতে মানুষের মধ্যে সম্প্রীতি ও ভালোবাসার বার্তা পৌঁছে দিতে চেয়েছি। একইসঙ্গে ‘সেফ ড্রাইভ, সেভ লাইফ’-এর মাধ্যমে পথ নিরাপত্তা নিয়ে মানুষকে আরও সচেতন করাই আমাদের লক্ষ্য। হেলমেট ছাড়া বাইক চালানো বিপজ্জনক। তাই মানুষের পাশে দাঁড়িয়ে বিনামূল্যে হেলমেট দিয়ে তাঁদের নিরাপদে চলার বার্তা দেওয়া হয়েছে।”
রাখির সুতোয় সম্প্রীতির বন্ধন এবং হেলমেটের মাধ্যমে নিরাপত্তার বার্তা—দুই উদ্যোগকে একসঙ্গে সামনে রেখে এদিন নামখানায় এক মানবিক ও সচেতনতামূলক কর্মসূচির সাক্ষী থাকলেন সাধারণ মানুষ।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন