আমফান দুর্নীতির পুরনো ক্ষোভ! ফ্রেজারগঞ্জে তৃণমূল উপপ্রধান কে ঘিরে বিক্ষোভ
শুভজিৎ শাসমল' ফ্রেজারগঞ্জ:দীর্ঘ ছয় বছর পর পুরনো মামলার জেরেই বুধবার বিকেলে উত্তপ্ত হয়ে উঠলো ফ্রেজারগঞ্জ। সেবারের পঞ্চায়েত ভাঙচুরের ঘটনায় যাঁদের নামে পুলিশি মামলা দায়ের হয়েছিল, সেই ২০৬ জন অভিযুক্ত গ্রামবাসী সংঘবদ্ধ হয়ে এদিন ঘিরে ধরেন তৎকালীন উপপ্রধান তথা বর্তমান তৃণমূল পঞ্চায়েত সদস্যা নীলিমা দাসকে। প্রাক্তন পঞ্চায়েত প্রধান গৌতম প্রামাণিকের বাড়ির সামনে তাঁকে দীর্ঘক্ষণ অবরুদ্ধ করে রাখা হয়। অবশেষে ফ্রেজারগঞ্জ কোস্টাল থানার পুলিশ গিয়ে ক্ষোভের মুখ থেকে নেত্রীকে উদ্ধার করে।
এদিনের এই বিক্ষোভের নেপথ্যে রয়েছে অতীত দুর্নীতির ইতিহাস।২০২০ সালে বিধ্বংসী আমফান ঘূর্ণিঝড়ের পর ত্রাণের টাকা নিয়ে ব্যাপক দুর্নীতির অভিযোগ ওঠে। সেই সময় ক্ষোভে ফেটে পড়ে ফ্রেজারগঞ্জ গ্রাম পঞ্চায়েত ঘেরাও করেছিলেন বহু সাধারণ মানুষ।
সেই ভাঙচুরের ঘটনায় প্রশাসনের তরফ থেকে ২০৬ জনের নামে গ্রামবাসীর নামে মামলা রুজু করা হয়। গ্রামবাসীদের দাবি, সেই সময় বহু মানুষ ওই ঘটনার সঙ্গে বাড়িতে ছিলেন না এবং অনেক মানুষ এই ঘটনার সঙ্গে জড়িত ছিলেন না তবুও নামে কেস দেওয়া হয়েছে।তাঁদের মধ্যে অনেকেই দীর্ঘদিন জেল খেটেছেন এবং আজও সেই মামলার ঘানি টেনে চলেছেন।
গ্রামবাসীদের দাবি, দুর্নীতি করেছে নেতারা, আর মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে সাধারণ মানুষকে। তাই অবিলম্বে সেই কেস নিঃশর্তভাবে তুলে নিতে হবে। সেই দাবি আদায় করতেই এদিন তৎকালীন উপপ্রধান নীলিমা দাসকে হাতের নাগালে পেয়ে ঘিরে ধরেন ক্ষুব্ধ মানুষজন।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন