এক হাঁটু কাদা ঘেঁটে যাতায়াত! কীর্তনখালীর সাউপাড়ায় পাকা রাস্তার দাবিতে ক্ষোভ, বিধায়কের দ্বারস্থ গ্রামবাসী
এক হাঁটু কাদা ঘেঁটে যাতায়াত! কীর্তনখালীর সাউপাড়ায় পাকা রাস্তার দাবিতে ক্ষোভ, বিধায়কের দ্বারস্থ গ্রামবাসী
দক্ষিণ ২৪ পরগনার ১৩২ নম্বর সাগর বিধানসভা কেন্দ্রের রুদ্রনগর গ্রাম পঞ্চায়েতের কীর্তনখালী এলাকার ১০৯ নম্বর বুথের সাউপাড়ায় দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে একটি গুরুত্বপূর্ণ মাটির রাস্তা। বর্ষার বৃষ্টিতে সেই রাস্তা এখন কার্যত এক হাঁটু কাদার সাগরে পরিণত হয়েছে। ফলে চরম দুর্ভোগে পড়েছেন এলাকার কয়েকশো বাসিন্দা।
স্থানীয়দের অভিযোগ, বহুবার প্রশাসনের বিভিন্ন দপ্তরে আবেদন জানিয়েও রাস্তা পাকা করার উদ্যোগ নেওয়া হয়নি। বর্ষাকালে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে। প্রতিদিন স্কুলপড়ুয়া ছাত্রছাত্রী, কর্মজীবী মানুষ, যুবক-যুবতী ও প্রবীণদের এক হাঁটু কাদা মাড়িয়ে যাতায়াত করতে হচ্ছে। এতে নিত্যদিনের জীবনযাত্রা যেমন ব্যাহত হচ্ছে, তেমনি দুর্ঘটনার আশঙ্কাও বাড়ছে।
গ্রামবাসীদের দাবি, কাঁচা রাস্তার কারণে এলাকায় চারচাকার গাড়ি তো দূরের কথা, প্রয়োজনের সময় অ্যাম্বুলেন্সও ঢুকতে পারে না। ফলে অসুস্থ রোগীকে হাসপাতালে নিয়ে যেতে চরম সমস্যার মুখে পড়তে হয়। জরুরি পরিষেবা ব্যাহত হওয়ায় নিরাপত্তা ও স্বাস্থ্য—দুই ক্ষেত্রেই ঝুঁকি তৈরি হয়েছে বলে অভিযোগ।
এই পরিস্থিতিতে সাউপাড়ার বাসিন্দারা সাগরের বিধায়ক সুমন্ত মণ্ডলের কাছে দ্রুত রাস্তা পাকা করার আবেদন জানিয়েছেন। তাঁদের আশা, দীর্ঘদিনের এই সমস্যা দ্রুত সমাধান করে এলাকায় একটি স্থায়ী পাকা রাস্তা নির্মাণ করা হবে, যাতে সারা বছর নির্বিঘ্নে যাতায়াত করা যায়।
এখন দেখার, গ্রামবাসীদের দীর্ঘদিনের এই দাবি কত দ্রুত বাস্তবায়িত হয় এবং কবে শেষ হয় কীর্তনখালীর সাউপাড়ার মানুষের দুর্ভোগ।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন