*দিল্লির ‘ভারত মণ্ডপম’-এ জাতীয় পুরস্কার পাচ্ছে বিজেপি পরিচালিত ফ্রেজারগঞ্জ পঞ্চায়েত*



অমিত মণ্ডল, ফ্রেজারগঞ্জ:উন্নয়ন এবং কাজের স্বচ্ছতার নিরিখে সরাসরি দিল্লির দরবারে পুরস্কৃত হতে চলেছে নামখানা ব্লকের বিজেপি পরিচালিত ফ্রেজারগঞ্জ গ্রাম পঞ্চায়েত। সাগর বিধানসভা কেন্দ্রের মোট ১৪টি গ্রাম পঞ্চায়তের মধ্যে এর আগে কোনোদিন এই মর্যাদাপূর্ণ সম্মান আসেনি। কেন্দ্রীয় পঞ্চায়েতি রাজ মন্ত্রকের পক্ষ থেকে 'ন্যাশনাল পঞ্চায়েত অ্যাওয়ার্ড ২০২৫'-এর জন্য ফ্রেজারগঞ্জ গ্রাম পঞ্চায়েতকে মনোনীত করা হয়েছে। ইতিমধ্যেই পঞ্চায়তের দফতরে এসে পৌঁছেছে আমন্ত্রণ পত্র।
আগামী ৩রা জুন দিল্লির প্রগতি ময়দানের বিশ্বখ্যাত ‘ভারত মণ্ডপম’-এ এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে ফ্রেজারগঞ্জ গ্রাম পঞ্চায়তের হাতে এই জাতীয় পুরস্কার তুলে দেওয়া হবে। দেশের প্রথম সারির ব্যক্তিত্বদের উপস্থিতিতে এই সম্মান গ্রহণ করবেন ফ্রেজারগঞ্জ গ্রাম পঞ্চায়তের প্রধান ও প্রতিনিধিরা।কেন্দ্রীয় পঞ্চায়েতি রাজ মন্ত্রক প্রতি বছর সারা দেশের গ্রাম পঞ্চায়েতগুলির নানাবিধ কর্মকাণ্ড, পরিকল্পনা এবং তা বাস্তবায়নের স্বচ্ছতা নিখুঁতভাবে বিশ্লেষণ করে এই সম্মান দিয়ে থাকে। বিশেষ করে পঞ্চায়তগুলি গ্রামের মানুষের জন্য কী কী পরিকাঠামোগত পরিকল্পনা করেছে এবং কতখানি স্বচ্ছতার সাথে কাজগুলির সার্থক রূপ দিতে পেরেছে, তার ওপর ভিত্তি করেই এই মূল্যায়ন করা হয়। ২০২৫ সালে স্বচ্ছতার সাথে বিভিন্ন উন্নয়নমূলক কাজের জন্য দক্ষিণ ২৪ পরগনা জেলার মধ্যে প্রথম সারিতে বেছে নেওয়া হয়েছিল এই ফ্রেজারগঞ্জকে।এই ঐতিহাসিক সাফল্য নিয়ে ফ্রেজারগঞ্জ গ্রাম পঞ্চায়েতের প্রধান কাশীনাথ জানা বলেন, “বিভিন্ন উন্নয়নমূলক ও গঠনমূলক কাজের নিরিখে কেন্দ্রীয় গ্রাম উন্নয়ন দফতর আমাদের পঞ্চায়তকে এই জাতীয় পুরস্কারের জন্য বেছে নিয়েছে। এটি আমাদের একার নয়, গোটা ফ্রেজারগঞ্জের প্রতিটি সাধারণ মানুষের জয়। ২০২৫ সালে আমরা যেভাবে স্বচ্ছতার সাথে মানুষের কাজ করেছি, তার স্বীকৃতি আজ দিল্লির দরবার থেকে এলো। ৩রা জুন আমাদের এলাকার জন্য একটি গর্বের দিন হতে চলেছে।”
ভোটের রাজনীতির ঊর্ধ্বে উঠে গ্রামীণ উন্নয়নে ফ্রেজারগঞ্জের এই আন্তর্জাতিক স্তরের স্বীকৃতি আগামী দিনে সুন্দরবনের অন্যান্য পঞ্চায়তগুলিকেও যে কাজের অনুপ্রেরণা জোগাবে, তা বলার অপেক্ষা রাখে না।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

গ্রামীণ মানুষের জন্য রেডিও বিষয় কর্মশালা

ভুসো কালি ও আঠায় নরেন্দ্র মোদীর প্রতিকৃতি, জন্মদিনে শিল্পীর অভিনব শ্রদ্ধার্ঘ্য

নামখানাতে ছাত্র-ছাত্রীদের নিয়ে বিশ্ব দুগ্ধ দিবস উদযাপন*