*মাটি ছাড়াই তৈরি হলো নদী বাঁধ! নামখানায় ফাঁকা বস্তার ‘দুর্নীতি স্তূপ’ ফাঁস; কাঠগড়ায় সেচ দপ্তর ও তৃণমূল*


 বঙ্গভূমি নিউজ, অমিত মণ্ডল, নামখানা:
নদী বাঁধের ভেতরে মাটির বদলে ঠাসা শুধু ফাঁকা বস্তা! আর তার ওপরে মাটির হালকা প্রলেপ দিয়ে ঢেকে দেওয়া হয়েছিল কোটি টাকার দুর্নীতি।জোয়ারের জলের ধাক্কায় উপরের মাটি ধুয়ে যেতেই বেরিয়ে পড়ল আসল কঙ্কালসার চেহারা। এই ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠলো দক্ষিণ ২৪ পরগনার নামখানা ব্লকের রাজনগর এলাকা। চিনাই নদীর পাড়ে প্রায় ৫০০ মিটার নদী বাঁধ মেরামতে নজিরবিহীন জালিয়াতির অভিযোগে সরব হয়েছেন কয়েকশো গ্রামবাসী। তাঁদের স্পষ্ট অভিযোগ এই দুর্নীতির পেছনে সরাসরি জড়িত স্থানীয় সেচ দপ্তরের আধিকারিক, ঠিকাদার এবং বিদায়ী তৃণমূল নেতৃত্ব।নিয়ম অনুযায়ী, নদী বাঁধ মেরামতের সময় বস্তার ভেতরে নির্দিষ্ট পরিমাণে মাটি বা বালি ভরে, তা পাইলিং করে সাজাতে হয়। কিন্তু রাজনগরের হুজাইতের খেয়া ঘাটের কাছে চিনাই নদীর পাড়ে ঠিকাদার মাটি ভরার খরচ বাঁচাতে ফাঁকা বস্তাই একের পর এক স্তরে সাজিয়ে দেয়। আর তার ওপর দিয়ে মাটির প্রলেপ লেপে দেওয়া হয়। ৩ মাস আগে হওয়া এই কাজের ভাঁওতাবাজি ফাঁস হতেই শুক্রবার কয়েকশো গ্রামবাসী নদী বাঁধের নিচের অংশ থেকে শয়ে শয়ে ফাঁকা বস্তা টেনে বের করেন এবং তা বাঁধের ওপর স্তূপ করে রেখে বিক্ষোভ দেখাতে শুরু করেন।স্থানীয় গ্রামবাসীদের অভিযোগ, কাজ চলার সময় নদী বাঁধ তৈরিতে বেনিয়মের প্রতিবাদ করা হলে স্থানীয় তৃণমূল নেতারা তাঁদের ভয় দেখিয়ে মুখ বন্ধ করে রাখত। গ্রামবাসী মৌমিতা দাস বিস্ফোরক অভিযোগ তুলে বলেন, “আমরা স্থানীয় মানুষরা যখন এই নদী বাঁধের কাজে হাত দিতে চেয়েছিলাম, তখন আমাদের কাজ করতে দেওয়া হয়নি। তৃণমূলের নেতারা বেছে বেছে নিজেদের লোকেদের দিয়ে কাজ করিয়েছে, যাতে এই ফাঁকা বস্তা দিয়ে বাঁধ তৈরির দুর্নীতির বিষয়টা বাইরের কেউ জানতে না পারে।”স্থানীয় বাসিন্দা ধীরেন দেবনাথের অভিযোগ আরও গুরুতর। তিনি জানান, এই নদী বাঁধে বড় করে ‘ম্যানগ্রোভ প্ল্যান্টেশন’ বা ম্যানগ্রোভ অরণ্য রোপণের সরকারি সাইনবোর্ড ঝোলানো থাকলেও, বাস্তবে সেখানে একটিও ম্যানগ্রোভের চারা লাগানো হয়নি। সরকারি টাকা স্রেফ লুঠ করা হয়েছে। অথচ এই চিনাই নদীর বাঁধ যদি একবার ভেঙে যায়, তবে নোনা জল ঢুকে রাজনগর গ্রামের কয়েক হাজার মানুষের ঘরবাড়ি ও চাষের জমি সম্পূর্ণ ধ্বংস হয়ে যাবে।অমল দাস নামের এক বাসিন্দা ক্ষোভ উগরে দিয়ে বলেন, “এই নদী বাঁধের ধারেই আমাদের চাষের জমি রয়েছে। ঠিকাদারের এই দুর্নীতির জন্য যদি বাঁধ ভেঙে জল ঢোকে, তবে আমাদের না খেয়ে মরতে হবে।” তিন মাস পার হতে না হতেই বাঁধের এই অবস্থা দেখে গ্রামবাসীরা এখন অস্থায়ী মেরামতের বদলে কংক্রিটের স্থায়ী নদী বাঁধের দাবি তুলছেন।এলাকাবাসীর দাবি, অবিলম্বে এই ঘটনার উচ্চপর্যায়ের তদন্ত করতে হবে। যে ঠিকাদার সংস্থা এই কাজ করেছে এবং সেচ দপ্তরের যে আধিকারিকরা এর সাথে প্রত্যক্ষভাবে যুক্ত, তাদের দ্রুত গ্রেফতার করতে হবে। এই ঘটনাকে কেন্দ্র করে শুক্রবার রাজনগর এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। গ্রামবাসীদের শেষ একটাই দাবি, দুর্নীতিকে হাঁটিয়ে স্বচ্ছ ভাবে স্থায়ী নদী তৈরি করা হোক।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

গ্রামীণ মানুষের জন্য রেডিও বিষয় কর্মশালা

ভুসো কালি ও আঠায় নরেন্দ্র মোদীর প্রতিকৃতি, জন্মদিনে শিল্পীর অভিনব শ্রদ্ধার্ঘ্য

নামখানাতে ছাত্র-ছাত্রীদের নিয়ে বিশ্ব দুগ্ধ দিবস উদযাপন*