*প্রাক্তন মন্ত্রীর অফিসের কাছেই ‘ত্রাণ চুরি’র পর্দাফাঁস! রুদ্রনগরে সরকারি সামগ্রী উদ্ধার*


অমিত মণ্ডল, সাগর:
ভোট মিটতেই সুন্দর উপকূলে ফের মাথাচাড়া দিয়ে উঠল সরকারি ত্রাণ চুরির চাঞ্চল্যকর অভিযোগ। দক্ষিণ ২৪ পরগনার সাগর ব্লকের রুদ্রনগর এলাকায় একটি সরকারি ভবনের পরিত্যক্ত ঘর থেকে উদ্ধার হলো দুই টোটো বোঝাই বিপুল পরিমাণ সরকারি ত্রাণ সামগ্রী।কাকতালীয়ভাবে, এই ঘরটি তৃণমূলের প্রাক্তন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরার দলীয় কার্যালয়ের একেবারে ঢিল ছোঁড়া দূরত্বে অবস্থিত। বৃহস্পতিবার এই ঘটনাটি জানাজানি হতেই গোটা সাগর এলাকা জুড়ে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়েছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রুদ্রনগরের পিডব্লিউডি অফিসের একটি পরিত্যক্ত ঘরে দীর্ঘদিন ধরে বিপুল পরিমাণ সরকারি ত্রাণ সামগ্রী গোপনে মজুত করে রাখা ছিল। বৃহস্পতিবার আচমকাই এই খবর রুদ্রনগরের বাসিন্দাদের মধ্যে ছড়িয়ে পড়ে। এরপরই কৌতূহলী এবং ক্ষুব্ধ এলাকাবাসী সেখানে গিয়ে জড়ো হন। ঘরটি খুলতেই দেখা যায়, সাধারণ মানুষের জন্য বরাদ্দ ত্রিপল ও অন্যান্য ত্রাণ সামগ্রী স্তূপ আকারে রাখা রয়েছে। তৎক্ষণাৎ দুটি টোটো আনিয়ে সেই সামগ্রী সরিয়ে ফেলার চেষ্টা হলে উত্তেজনা চরমে পৌঁছায়।ঘটনাটি সামনে আসতেই নতুন শাসক দল বিজেপির তরফে তৃণমূলকে তীব্র আক্রমণ করা হয়েছে। বিজেপির সাগর ব্লকের মুখপাত্র অরুনাভ দাস বিস্ফোরক দাবি করে বলেন,“বারবার সাগর থেকে সরকারি ত্রাণ সামগ্রী উদ্ধারের ঘটনাই প্রমাণ করে দিচ্ছে যে তৃণমূলের আমলে গরিব মানুষের অধিকার নিয়ে কত বড় দুর্নীতি হয়েছে। আমফান বা ইয়াসের মতো দুর্যোগে সাধারণ মানুষ যখন ত্রিপল পায়নি, তখন সেই সমস্ত সরকারি সামগ্রী নিজেদের রাজনৈতিক স্বার্থে ব্যবহার করার জন্য লুকিয়ে রাখা হয়েছিল। আমরা এর পূর্ণাঙ্গ তদন্ত চাই।”
প্রাক্তন মন্ত্রীর পার্টি অফিসের এত কাছে সরকারি অফিস থেকে এই বিপুল পরিমাণ ত্রাণ উদ্ধারের ঘটনায় স্বাভাবিকভাবেই মুখ পুড়েছে স্থানীয় নেতৃত্বের। তবে এই কেলেঙ্কারি নিয়ে তৃণমূলের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনো প্রতিক্রিয়া দেওয়া হয়নি।আপাতত এই ত্রাণ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে রুদ্রনগর এলাকায় রাজনৈতিক পারদ চড়তে শুরু করেছে। এলাকার সাধারণ মানুষের দাবি, এই চুরির সাথে যারা যুক্ত তাদের চিহ্নিত করে কড়া শাস্তি দিতে হবে।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

গ্রামীণ মানুষের জন্য রেডিও বিষয় কর্মশালা

ভুসো কালি ও আঠায় নরেন্দ্র মোদীর প্রতিকৃতি, জন্মদিনে শিল্পীর অভিনব শ্রদ্ধার্ঘ্য

নামখানাতে ছাত্র-ছাত্রীদের নিয়ে বিশ্ব দুগ্ধ দিবস উদযাপন*