বিশ্ব আবহাওয়া দিবস : উন্নয়নের দৌড়ে বিপন্ন পৃথিবী
© ড. অর্ণব বন্দ্যোপাধ্যায়
২৩ মার্চ—বিশ্ব আবহাওয়া দিবস। ১৯৫০ সালে ওয়ার্ল্ড মেটেরোলজিক্যাল অর্গানাইজেশন-এর প্রতিষ্ঠার দিনটিকে স্মরণ করে এই দিবস পালিত হয়। কিন্তু ক্যালেন্ডারের পাতায় এটি একটি তারিখ নয়, বরং ক্রমশ অস্থির হয়ে ওঠা পৃথিবীর এক গভীর বার্তা।
২০২৬ সালের বিশ্ব আবহাওয়া দিবসের মূল ভাবনা হল—‘আর্লি ওয়ার্নিংস ফর অল- প্রটেক্টটিং লাইভস্, বিল্ডিং রেসিলইয়েন্স—আজকের বাস্তবতায় একেবারেই প্রাসঙ্গিক। প্রকৃতি এখন আর নিঃশব্দে পরিবর্তিত হয় না; তার পরিবর্তন দেখা যায় ভয়ঙ্কর রূপে। তাই আগাম সতর্কতা কেবল প্রযুক্তির বিষয় নয়, এটি মানবজীবন রক্ষার অপরিহার্য শর্ত।
বিজ্ঞানীরা বলছেন, গত কয়েক দশকে বিশ্ব আবহাওয়ার চরিত্রে যে পরিবর্তন দেখা যাচ্ছে, তা নিছক প্রাকৃতিক পরিবর্তনের প্রভাব নয়। বরং এর পিছনে রয়েছে মানুষের অবিমৃষ্যকারিতা। অস্বাভাবিক তাপপ্রবাহ, অনিয়মিত বর্ষণ, ঘূর্ণিঝড়ের তীব্রতা বৃদ্ধি—সবই ইঙ্গিত করছে এক বৃহত্তর সংকটের দিকে। জলবায়ু পরিবর্তন আজ আর ভবিষ্যতের আশঙ্কা নয়; এটি বর্তমানের বাস্তবতা।
বিশ্ব উষ্ণায়নের ফলে হিমবাহ গলছে, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বাড়ছে, কৃষি উৎপাদন অনিশ্চিত হয়ে পড়ছে। উন্নয়নের নামে নির্বিচারে বন সাফ করে দেওয়া, জীবাশ্ম জ্বালানির অতিরিক্ত ব্যবহার এবং দূষণ—এই সবই প্রকৃতির ভারসাম্য নষ্ট করছে। ফলত, মানুষ নিজেই নিজের অস্তিত্বকে বিপন্ন করছে।
এই প্রেক্ষাপটে বিশ্ব আবহাওয়া দিবস আমাদের সামনে এক গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলে ধরে—আমরা কি এখনও সময় থাকতে সতর্ক হব? নাকি উন্নয়নের অন্ধ দৌড়ে নিজেদের ভবিষ্যৎকে বিসর্জন দেব?
এখানে রাষ্ট্রের ভূমিকা যেমন গুরুত্বপূর্ণ, তেমনি ব্যক্তির সচেতনতাও অপরিহার্য। সুস্থায়ী উন্নয়ন, পরিবেশ সংরক্ষণ, এবং প্রযুক্তিনির্ভর আগাম সতর্কতা ব্যবস্থা—এই তিনের সমন্বয়েই সম্ভব এই সংকট মোকাবিলা।
অতএব, বিশ্ব আবহাওয়া দিবস শুধু ঘটা করে পালন করার দিন নয়, আত্মসমালোচনার দিনও বটে। পরিবেশের পরিবর্তিত রূপ আমাদের সতর্ক করছে—এখনই সময় সঠিক সিদ্ধান্ত নেওয়ার। নচেৎ, ভবিষ্যৎ প্রজন্মের কাছে আমাদের জবাবদিহি এড়ানো সম্ভব হবে না।
ড. অর্ণব বন্দ্যোপাধ্যায়
সহকারী অধ্যাপক, সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিভাগ
বিজয়গড় জ্যোতিষ রায় কলেজ
9433304519
arnab.vjrc@gmail.com
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন