বাংলার বিজ্ঞান শিক্ষা কোথায় দাঁড়িয়ে
ড. অর্ণব বন্দ্যোপাধ্যায় উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ হয়েছে। এবার ছাত্রছাত্রী ও অভিভাবকরা উচ্চশিক্ষায় ভর্তির ব্যাপারে প্রস্তুতি নেবে। আর কিছুদিনের মধ্যেই ঠিক হয়ে যাবে কে কোন বিষয় নিয়ে পড়বে। ইদানিংকালে বাংলার শিক্ষাজগতে এক অদ্ভুত বৈপরীত্য লক্ষ্য করা যাচ্ছে। উচ্চমাধ্যমিক পরীক্ষার মেধাতালিকা খুললেই দেখা যায়—বিজ্ঞান নিয়ে পড়া ছাত্রছাত্রীরাই প্রায় পুরো তালিকাটা অধিকার করে আছে। সাম্প্রতিক-অতীতের ফলাফলেও দেখা গিয়েছে, শীর্ষস্থানগুলির অধিকাংশই বিজ্ঞান নিয়ে পড়া ছাত্রছাত্রীদের দখলে। ২০২৫ সালের উচ্চমাধ্যমিক পরীক্ষায় বিজ্ঞান নিয়ে পড়া ছাত্রছাত্রীদের পাশের হার ছিল প্রায় ৯৯.৪৬ শতাংশ, এবং অধিকাংশ শীর্ষস্থান অধিকার করেছে বিজ্ঞান নিয়ে পড়া পরীক্ষার্থীরাই। কিন্তু এই ছবির অন্য দিকটাও আছে। কলেজ ও বিশ্ববিদ্যালয় ভর্তির সময় দেখা যায়, বিজ্ঞান নিয়ে পড়তে আগ্রহী ছাত্রছাত্রীর সংখ্যা তুলনামূলকভাবে কম। অর্থাৎ পরীক্ষার ফলের কৃতিত্ব একদিকে, আর বাস্তবে বিজ্ঞান নিয়ে দীর্ঘমেয়াদি পড়াশোনার আগ্রহ অন্যদিকে—দু’টির মধ্যে ফাঁক বাড়ছে। এই ফাঁক শুধু ছাত্রছাত্রীদের নয়, বরং আমাদের গোটা শিক্ষাব্যবস্থার।পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক স্তরে বিজ্ঞান পড়ার প্রবণতা বিগত দিনেও খুব বেশি ছিল না। একসময় দেখা গিয়েছিল, উচ্চমাধ্যমিক স্তরের মোট ছাত্রছাত্রীর মাত্র ১২ শতাংশ বিজ্ঞান নিয়ে পড়তে। তবে সাম্প্রতিক দশকে কিছুটা বৃদ্ধি হয়েছে। উদাহরণস্বরূপ— পদার্থবিদ্যা পড়ুয়া বেড়েছে প্রায় ২৩.৬৭%, রসায়নে বেড়েছে ১৫.৪২%, জীববিজ্ঞানে বৃদ্ধি ২৬.২৪%, গণিতে বৃদ্ধি ১০.১০%।উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের তথ্য অনুযায়ী, ২০২৪-২৫ শিক্ষাবর্ষে বিজ্ঞান বিষয়গুলিতে আনুমানিক পড়ুয়ার সংখ্যা ছিল— পদার্থবিদ্যা: প্রায় ৯৩ হাজার, রসায়ন: প্রায় ৯৯ হাজার, জীববিজ্ঞান: প্রায় ১.০৫ লক্ষ। কিন্তু মনে রাখতে হবে—উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী মোট কয়েক লক্ষ। সেই তুলনায় বিজ্ঞান পড়ুয়ার অনুপাত এখনও কম।রাজ্য ও কেন্দ্র সরকার এবং বেসরকারি মিলিয়ে পশ্চিমবঙ্গে বর্তমানে ৫৭টি বিশ্ববিদ্যালয় রয়েছে। রাজ্যের উচ্চশিক্ষা পরিসংখ্যান অনুযায়ী উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে মোট ভর্তির সংখ্যা প্রায় ২.৭১ মিলিয়ন অর্থাৎ ২৭ লক্ষের বেশি। এর মধ্যে উল্লেখযোগ্য অংশ সাহিত্য, কলা, সমাজবিজ্ঞান, বাণিজ্য ও ম্যানেজমেন্টে। বিজ্ঞান গবেষণার ক্ষেত্রেও কিছু উল্লেখযোগ্য সাফল্য রয়েছে—স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের একটি প্রতিবেদন অনুযায়ী, পশ্চিমবঙ্গের ৪২ জন বিজ্ঞানী বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় রয়েছেন। একই সঙ্গে ৩৮ জন বাঙালি বিজ্ঞানী চন্দ্রযান-৩ মিশনের সঙ্গে যুক্ত ছিলেন। তবে এই সংখ্যাগুলো গর্বের হলেও বাস্তব প্রশ্ন রয়ে যায়—এই সংখ্যাটা আরও বড় হতে পারত কি?বিজ্ঞান পড়ার বড় লক্ষ্য সাধারণত পেশাগত শিক্ষা, ইঞ্জিনিয়ারিং বা চিকিৎসা। ২০২৫ সালে পশ্চিমবঙ্গ যৌথ প্রবেশিকা পরীক্ষা - ডব্লুবিজেইই-তে প্রায় ১,০১,৬৪৩ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে, যার মধ্যে প্রায় ৭৭ হাজার পরীক্ষার্থী রাজ্যের ভিতরের। অন্যদিকে মেডিক্যাল কলেজে ভর্তির জন্য নিটের-এর রাজ্য কাউন্সেলিংয়ে ১১,১৭৮ জন পরীক্ষার্থী প্রথম দফার জন্য যোগ্য বলে ঘোষিত হয়েছিল। আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য হল—উচ্চশিক্ষার কেন্দ্রীভূত ভর্তি পোর্টালে এক বছরে প্রায় ৫.২৭ লক্ষ ছাত্রছাত্রী আবেদন করলেও, বিজ্ঞান নিয়ে পড়া ছাত্রছাত্রীদের তুলনায় সাহিত্য, কলা, সমাজ বিজ্ঞানে কোর্সে ভর্তির সংখ্যা বেশি। অর্থাৎ বিশ্ববিদ্যালয় স্তরে ছাত্রছাত্রীদের বড় অংশ মানবিক বিষয়ের দিকে ঝুঁকছে।অনেক স্কুল ও কলেজে পর্যাপ্ত ল্যাবরেটরি, যন্ত্রপাতি ও শিক্ষক নেই। বিজ্ঞান পড়া মানেই ল্যাব, কোচিং, প্রবেশিকা পরীক্ষা ও ব্যয়বহুল বই। অনেক পরিবারের পক্ষে এই ব্যয় সামলানো কঠিন। রাজ্যে গবেষণা ও প্রযুক্তি শিল্পের সুযোগ তুলনামূলক কম হওয়ায় ছাত্রছাত্রীরা অনেক সময় বিজ্ঞান পড়াকে ঝুঁকিপূর্ণ মনে করে। বিজ্ঞান পড়া এখন অনেক ক্ষেত্রে প্রবেশিকা পরীক্ষার-এর প্রস্তুতির সঙ্গে যুক্ত হয়ে গেছে। ম্যানেজমেন্ট, মিডিয়া, আইটি, ডিজাইন ইত্যাদি বিষয় ছাত্রছাত্রীদের কাছে দ্রুত কর্মসংস্থানের সম্ভাবনা তৈরি করছে। প্রবণতা দেখা যাচ্ছে—ডব্লুবিজেইই-এর অনেক শীর্ষস্থানীয় ছাত্রছাত্রী শেষ পর্যন্ত আইআইটি বা অন্যান্য জাতীয় প্রতিষ্ঠানে চলে যাচ্ছে। ফলে রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলো অনেক সময় সেরা মেধা ধরে রাখতে পারছে না।দক্ষিণ ভারতের রাজ্য—তামিলনাড়ু, কর্ণাটক, তেলেঙ্গানা—বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষায় অনেক এগিয়ে। সেখানে বিশ্ববিদ্যালয়, শিল্প ও স্টার্ট-আপের মধ্যে নিবিড় সম্পর্ক তৈরি হয়েছে। ফলে বিজ্ঞান পড়া সেখানে শুধু ডিগ্রি নয়—একটি সম্ভাবনাময় পেশার পথ।স্কুলস্তরে আধুনিক বিজ্ঞান ল্যাব গড়ে তোলা, কলেজ ও বিশ্ববিদ্যালয় ও শিল্পক্ষেত্রের সহযোগিতা বৃদ্ধি, গবেষণাভিত্তিক শিক্ষা বাড়ানো, বিজ্ঞান পড়ুয়াদের জন্য স্কলারশিপ, বিজ্ঞান জ্ঞাপন ও বিজ্ঞানচর্চা জনপ্রিয় করা। বাংলার সংস্কৃতিতে বিজ্ঞান চর্চা নতুন কিছু নয়। জগদীশচন্দ্র বসু, প্রফুল্লচন্দ্র রায়, সত্যেন্দ্রনাথ বসু, মেঘনাদ সাহা—এই নামগুলো আমাদের মেধার ইতিহাস। কিন্তু আজকের প্রশ্নটা অন্য— ছাত্রছাত্রীরা বিজ্ঞান থেকে দূরে সরে যাচ্ছে, নাকি আমরা বিজ্ঞানকে তাদের নাগালের বাইরে রেখে দিয়েছি? যে সমাজ বিজ্ঞানকে কেবল পরীক্ষার বিষয় বানায়, সে সমাজে বিজ্ঞানী জন্মায় না। আর যে সমাজ প্রশ্ন করতে শেখায়—সেখানেই জন্ম নেয় আগামী দিনের আবিষ্কার।ড. অর্ণব বন্দ্যোপাধ্যায় সহকারী অধ্যাপক বিজয়গড় জ্যোতিষ রায় কলেজ 9433304519arnab.vjrc@gmail.com
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন