ক্রিকেট: তারুণ্য আর স্বপ্নের ভারত
ক্রিকেট: তারুণ্য আর স্বপ্নের ভারত
ড. অর্ণব বন্দ্যোপাধ্যায়
ভারতে ক্রিকেট কেবল খেলা নয়—এটা প্রায় এক ধরনের ধর্মীয় আচার। রবিবারের পূজোর মতোই টিভির সামনে বসে থাকা, আর স্কোরবোর্ডের দিকে তাকিয়ে সমবেত প্রার্থনা—“এই বলটা যেন ছক্কা হয়।”
সাম্প্রতিক টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতীয় জাতীয় ক্রিকেট টিমের জয় তাই শুধু একটি ট্রফি জেতার গল্প নয়। এটি এক ধরনের সামাজিক মনস্তত্ত্বের গল্প। এই জয় মনে করিয়ে দেয়—২২ গজের মধ্যে কখনও কখনও একটা দেশের আত্মবিশ্বাসও ব্যাট-বলের সঙ্গে ওঠানামা করে।
ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপ ইতিহাস শুরু হয় ২০০৭ সালে। সেই প্রথম বিশ্বকাপে তরুণদের দল নিয়ে ভারত চ্যাম্পিয়ন হয়েছিল। তারপর দীর্ঘ অপেক্ষা। অবশেষে ২০২৪ সালে আবার সেই ট্রফি ভারতের হাতে ফিরে আসে।
ফাইনালে দুর্দান্ত ব্যাটিং করেন বিরাট কোহলির ৭৬ রানের ইনিংস যেন ক্রিকেটের পুরনো নাটকের ক্লাইম্যাক্স। আর বোলিংয়ে টুর্নামেন্ট জুড়ে অসাধারণ পারফরম্যান্স করে জাসমিত বুমরা জিতে নেন প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট।
পরিসংখ্যান একটু দেখলে বোঝা যায়— দক্ষিণ আফ্রিকা ছাড়া পুরো টুর্নামেন্টে ভারত অপরাজিত ছিল। দলের বোলিং ইকোনমি ছিল প্রায় ৬-৭ রান প্রতি ওভার। একাধিক ম্যাচে ভারত শেষ ওভার পর্যন্ত লড়াই করে জিতেছে। অর্থাৎ ক্রিকেটীয় ভাষায়—এই জয় কেবল প্রতিভার নয়, ধৈর্যেরও।
ভারতীয় ক্রিকেটে প্রজন্ম বদল প্রায়শই রাজনৈতিক দল বদলের মতো নাটকীয় হয়। পুরনো তারকারা সরে গেলে প্রশ্ন ওঠে—“এবার কে?” এই বিশ্বকাপ সেই প্রশ্নের উত্তর দিয়েছে।
নতুন প্রজন্মের ক্রিকেটাররা দেখিয়ে দিয়েছে—ভারতীয় ক্রিকেটে প্রতিভার অভাব নেই। বরং কখনও কখনও এত প্রতিভা থাকে যে নির্বাচকদের কাজটা সংসদের স্পিকার হওয়ার মতো কঠিন হয়ে যায়।
এই প্রসঙ্গে দুটি নাম বিশেষভাবে উঠে আসে—
সঞ্জু স্যামশং এবং ঈশান কিষাণ। এই দুই ক্রিকেটারের গল্পটা ক্রিকেটের পরিসংখ্যানের চেয়ে বড়। তারা কখনও দলে ঢুকেছেন, আবার বাদ পড়েছেন। কখনও সমালোচনা শুনেছেন, কখনও বেঞ্চে বসে থেকেছেন।
কিন্তু ক্রিকেটে একটা জিনিস আছে—স্কোরবোর্ড শেষ কথা বলে। আর সুযোগ পেলে তারা সেই স্কোরবোর্ডকেই নিজের পক্ষে কথা বলিয়েছে।
ভারতের ছোট শহরগুলিতে আজও ক্রিকেটের স্বপ্ন শুরু হয় একটা রবারের বল দিয়ে। এই বিশ্বকাপ সেই স্বপ্নকে আবার একটু উসকে দিয়েছে। কারণ মাঠে দাঁড়িয়ে থাকা ক্রিকেটাররা এখন অনেকটাই সেই ছোট শহরের ছেলে। ব্যর্থতা স্থায়ী নয়, সুযোগ এলে তাকে কাজে লাগাতে হয়।
ভারতের ক্রিকেট ইতিহাসে কয়েকটি মাইলফলক আছে—
১৯৮৩: ভারতের প্রথম বিশ্বকাপ জয়, ২০০৭: টি-টোয়েন্টি বিপ্লব, ২০১১: আবার একদিনের বিশ্বকাপে জয়, ২০২৪: নতুন প্রজন্মের বিশ্বজয়।
এই ধারাবাহিকতা দেখায়—ভারতীয় ক্রিকেট এখন আর কেবল প্রতিভার ওপর নির্ভর করে না। ঘরোয়া ক্রিকেট, আইপিএল, উন্নত প্রশিক্ষণ ব্যবস্থা, ডেটা অ্যানালিটিক্স—সব মিলিয়ে এক ধরনের ক্রিকেট শিল্প।
ভারতে ক্রিকেট জিতলে মানুষ রাস্তায় নামে। হারলেও নামে—তবে তখন আলোচনা হয় নির্বাচন কমিটি নিয়ে। কিন্তু এই বিশ্বকাপ জয় একটু আলাদা। কারণ এটি দেখিয়েছে—ক্রিকেট কেবল অতীতের তারকাদের গল্প নয়, ভবিষ্যতেরও গল্প।
যখন একজন তরুণ ক্রিকেটার ব্যাট তুলে দাঁড়ায়, তখন সে শুধু রান করার চেষ্টা করে না। সে আসলে হাজার হাজার অচেনা ছেলেমেয়েকে বলে— “স্বপ্ন দেখতে দোষ নেই।”
আর ক্রিকেটের ভাষায় সেটাই হয়তো সবচেয়ে বড় জয়।
ড. অর্ণব বন্দ্যোপাধ্যায়
সহকারী অধ্যাপক
বিজয়গড় জ্যোতিষ রায় কলেজ
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন