খুঁটি সাবাড়ে ট্রলার মালিকের ঝুলন্ত দেহ উদ্ধার; রহস্যমৃত্যু ঘিরে চাঞ্চল্য নামখানায়

শুভজিৎ শাসমল, বঙ্গভূমি নিউজ, নামখানা: নিজের তৈরি হতে থাকা নতুন ট্রলারের সামনেই উদ্ধার হলো মালিকের ঝুলন্ত দেহ। বৃহস্পতিবার বিকেলে দক্ষিণ ২৪ পরগনার নামখানা থানার অন্তর্গত হরিপুর লয়ালগঞ্জ এলাকায় এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। মৃত ব্যক্তির নাম নবকুমার মণ্ডল (৩৫)। তাঁর বাড়ি ফ্রেজারগঞ্জ কোস্টাল থানার বিজয়বাটি এলাকায়।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, নবকুমার পেশায় মৎস্য ব্যবসায়ী ছিলেন। হরিপুর লয়ালগঞ্জ খুঁটি সাবাড়ে তাঁর ব্যবসার কাজ চলত। ওই এলাকাতেই নবকুমারের একটি নতুন ট্রলার তৈরির কাজ চলছিল। বৃহস্পতিবার বিকেল সাড়ে চারটে নাগাদ খুঁটি সাবাড়ের এক কর্মী হঠাৎই দেখেন, নিজের ট্রলারের কাছেই নবকুমারের দেহ ঝুলছে। ওই কর্মীর চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে আসেন। খবর দেওয়া হয় নামখানা থানায়।
নামখানা থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দেহটি উদ্ধার করে দ্বারিকনগর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায়। সেখানে চিকিৎসকরা নবকুমারকে মৃত বলে ঘোষণা করেন। এরপর পুলিশ দেহটি ময়নাতদন্তের জন্য কাকদ্বীপ হাসপাতালের মর্গে পাঠায়। পুলিশের প্রাথমিক অনুমান, মানসিক অবসাদ থেকেই নবকুমার আত্মহত্যার পথ বেছে নিয়েছেন। তবে মৃত্যুর সঠিক কারণ খতিয়ে দেখছে পুলিশ। 
বছর পঁয়ত্রিশের এক যুবকের এমন আকস্মিক মৃত্যুতে বিজয়বাটি গ্রাম এবং লয়ালগঞ্জ ব্যবসায়ী মহলে শোকের ছায়া নেমে এসেছে। নতুন ট্রলার তৈরি হচ্ছিল যে আনন্দের মুহূর্তে, সেই স্থনেই কেন এমন মর্মান্তিক পরিণতি হলো, তা নিয়ে ধন্দে পরিবার ও ব্যবসায়ীরা।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

গ্রামীণ মানুষের জন্য রেডিও বিষয় কর্মশালা

ভুসো কালি ও আঠায় নরেন্দ্র মোদীর প্রতিকৃতি, জন্মদিনে শিল্পীর অভিনব শ্রদ্ধার্ঘ্য

নামখানাতে ছাত্র-ছাত্রীদের নিয়ে বিশ্ব দুগ্ধ দিবস উদযাপন*