অধিকার আদায়ের দাবিতে ২৬শে জানুয়ারি সাগরে মৎস্যজীবীদের পদযাত্রা ও জনসভা
অমিত মন্ডল, সাগর: প্রজাতন্ত্রের উৎসবে যখন দেশ মাতোয়ারা, ঠিক তখনই নিজেদের অন্ন ও অস্তিত্ব রক্ষার লড়াইয়ে শামিল হলেন সাগরদ্বীপের ক্ষুদ্র মৎস্যজীবীরা। সোমবার, ২৬শে জানুয়ারি ‘দক্ষিণবঙ্গ মৎস্যজীবী ফোরাম’-এর ডাকে মহিষামারি-হাতিপিটিয়া থেকে গঙ্গাসাগর পর্যন্ত ‘মৎস্যজীবী অধিকার পদযাত্রা’ হলো। পরে সাগর মৎস্যজীবী মেরিন সমবায় খটি সমিতিতে আয়োজিত এক জনসভা থেকে সরকারের বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ তুলে সরব হন মৎস্যজীবী নেতৃবৃন্দ।
এদিন মৎস্যজীবীরা আক্ষেপ করে জানান, পুরুষানুক্রমে নদী ও সমুদ্রে মাছ ধরে তাঁরা জীবিকা নির্বাহ করলেও আজ তাঁরা পরবাসী। তাঁদের অভিযোগ বড় বড় যন্ত্রচালিত বোট দিয়ে সমুদ্রের মৎস্য সম্পদ লুঠ করা হচ্ছে, ফলে ক্ষুদ্র মৎস্যজীবীদের জালে মাছ উঠছে না।জলবায়ুর পরিবর্তন ও জল দূষণের ফলে মাছের প্রজনন ব্যাহত হচ্ছে, যার প্রভাব পড়ছে স্থানীয় অর্থনীতিতে।উপকূলের জমি ও জলের ওপর মৎস্যজীবীদের কোনো আইনি অধিকার নেই, যার সুযোগ নিয়ে চলছে যথেচ্ছ দখলদারি।
মৎস্যজীবী ফোরামের আব্দার মল্লিক বলেন, ২০২৪ সালে রাজ্য সরকার ঘোষণা করেছিল যে মাছ ধরার ‘ব্যান পিরিয়ড’-এ মৎস্যজীবীদের মাসে ৫ হাজার টাকা করে দু-মাসে মোট ১০ হাজার টাকা ‘সমুদ্রসাথী’ প্রকল্পের মাধ্যমে দেওয়া হবে। কিন্তু অভিযোগ, দুই বছর পেরিয়ে গেলেও এখনও একজন মৎস্যজীবীও সেই টাকা পাননি। এছাড়া প্রকৃত মৎস্যজীবীদের বাদ দিয়ে পরিচয়পত্র নিবন্ধনের ক্ষেত্রেও ব্যাপক অনিয়মের অভিযোগ তুলেছেন তাঁরা।
এদিন জনসভা থেকে মৎস্যজীবীদের আইনি অধিকার সুনিশ্চিত করার দাবি তোলা হয়। সংগঠনের নেতৃত্ব জানান, দেশের ৫ কোটি মানুষ এই মৎস্যক্ষেত্রের ওপর নির্ভরশীল, যার অর্ধেকই মহিলা। তাই ক্ষুদ্র মৎস্যজীবীদের সংকট মানেই দেশের খাদ্য সুরক্ষা ও কর্মসংস্থানের সংকট। এই সংকট নিরসনে জলাশয় ও মৎস্য সম্পদের ওপর মৎস্যজীবীদের অগ্রাধিকার দেওয়ার দাবি জানানো হয়েছে। এদিনের পদযাত্রায় এবং জনসভায় সাগর ব্লকের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় পাঁচশ মৎস্যজীবী যোগদান করেন। দীর্ঘদিনের বিভিন্ন এই দাবিগুলি যদি না মানা হয় তাহলে পরবর্তীতে বিভিন্ন দপ্তরের সামনে গিয়ে আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন ক্ষুদ্র মৎস্যজীবীরা।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন