কাকদ্বীপে বিজেপির পরিবর্তন সংকল্প সভা থেকে তৃণমূলকে তীব্র আক্রমণ দিলীপ ঘোষের
নিজস্ব সংবাদদাতা, বঙ্গভূমি নিউজ; কাকদ্বীপ:পশ্চিমবঙ্গে বর্তমানে “লুটের রাজত্ব চলছে”—এই অভিযোগ তুলে রাজ্য সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। শনিবার বিকেলে কাকদ্বীপ বিধানসভার উকিলের হাট কাছারির মাঠে বিজেপির পরিবর্তন সংকল্প সভা থেকে তিনি একের পর এক অভিযোগ তোলেন রাজ্যের শাসক দলের বিরুদ্ধে।দিলীপ ঘোষ বলেন, কেন্দ্র সরকার রেশনে চাল, ডাল, আটা পাঠালেও রাজ্যে ডাল সাধারণ মানুষের হাতে পৌঁছয় না। আমফান ঝড়ের পর মুখ্যমন্ত্রী বলেছিলেন ৫০ হাজার পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে, অথচ সেই ক্ষতিপূরণের টাকা পাঁচ হাজার মানুষও পায়নি। তিনি অভিযোগ করেন, সেই টাকা তৃণমূল নেতাদের অ্যাকাউন্টে চলে গেছে, পরে মুখ্যমন্ত্রী তা ‘ভুল করে’ হয়েছে বলে ব্যাখ্যা দেন।কেন্দ্রের বাড়ি বাড়ি জলপ্রকল্প নিয়েও প্রশ্ন তোলেন তিনি। তাঁর দাবি, পাইপ বসানো হলেও জল আসে না। বিডিও অফিসের লোক এলে জল আসে, তারা চলে গেলেই জল বন্ধ হয়ে যায়। তৃণমূল সরকারকে তিনি “ঢপবাজির সরকার” বলে কটাক্ষ করেন।মৎস্যজীবীদের জন্য কেন্দ্রের দেওয়া ঋণের টাকা লুট হয়ে গেছে বলেও অভিযোগ করেন বিজেপি নেতা। তাঁর দাবি, তৃণমূলের আমলে কোনো প্রকল্প পেতে গেলে ঘুষ দিতে হয়। বাড়ি বাড়ি শৌচাগার নির্মাণের জন্য কেন্দ্রের ১০ হাজার টাকা ও রাজ্যের ৩ হাজার টাকা দেওয়ার কথা থাকলেও বাস্তবে শৌচাগার তৈরি হয়নি। উল্টে শৌচাগার দেওয়ার নাম করে সাধারণ মানুষের কাছ থেকে ৯০০ টাকা করে নেওয়া হয়েছে বলে অভিযোগ।গঙ্গাসাগর সেতু নিয়েও রাজ্য সরকারকে আক্রমণ করেন দিলীপ ঘোষ। তিনি বলেন, প্রতিবছর গঙ্গাসাগর মেলার সময় মুখ্যমন্ত্রী সেতুর স্বপ্ন দেখান, কিন্তু কেন্দ্র থেকে কোনো ছাড়পত্র নেওয়া হয়নি, কোনো কোম্পানি টেন্ডার ধরেনি। “নারকেল ভাঙতে ভাঙতে গাছে নারকেল শেষ হয়ে গেল, কিন্তু ব্রিজ হল না”—এই ভাষায় কটাক্ষ করেন তিনি। তাঁর অভিযোগ, দিদির ভাইরা কাটমানি খেলে ব্রিজ হবে কী করে?দিলীপ ঘোষের দাবি, গঙ্গাসাগর সেতু নির্মাণ করবে কেন্দ্রের বিজেপি সরকার। সেতু হলে সারা বছর পুণ্যার্থীদের যাতায়াত হবে, রাস্তা হবে ঝাঁ-চকচকে। তিনি বলেন, গুজরাটে যদি অটল সেতু হতে পারে, গঙ্গাসাগরেও বিজেপি সরকার সেতু নির্মাণ করতে পারবে।গঙ্গাসাগর মেলায় লোকসংখ্যা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। তাঁর দাবি, ৬০-৭০ লক্ষ লোকের প্রচার করা হলেও বাস্তবে সাত লক্ষ লোকও হয় না। বেশি লোক দেখিয়ে বেশি অর্থ বরাদ্দ করে তৃণমূল নেতারা লুট করেন। “ভগবানের নামে, ধর্মের নামে লুট চলছে”—এমনই অভিযোগ করেন তিনি। মেলার পোস্টারে সাধুদের ছবি না দিয়ে তৃণমূল নেতৃত্বের ছবি দেওয়া হয় বলেও কটাক্ষ করেন।স্বাস্থ্য ব্যবস্থা নিয়েও রাজ্য সরকারকে দুষে তিনি বলেন, পশ্চিমবঙ্গের স্বাস্থ্য পরিষেবা অত্যন্ত নিম্নমানের। আয়ুষ্মান ভারত প্রকল্পকে গুরুত্ব না দেওয়ায় সাধারণ মানুষকে জমি-বাড়ি বিক্রি করে ভিন রাজ্যে চিকিৎসা করাতে হচ্ছে।করোনা কালে ১০০ কোটি টাকা বরাদ্দ হলেও তার অর্ধেক কোথায় খরচ হয়েছে কেউ জানে না বলেও অভিযোগ ওঠে। কৃষক মান্ডিতে সবুজ সাথী সাইকেল রাখা ও মদ্যপানের অভিযোগও তোলেন তিনি।আইন-শৃঙ্খলা পরিস্থিতি একেবারে তলানিতে বলে দাবি করে দিলীপ ঘোষ বলেন, সন্ধ্যার পর মেয়েরা নিরাপদ নয়, অথচ রাজ্যের মুখ্যমন্ত্রী একজন মহিলা। তিনি বলেন, সারাদেশ এগোচ্ছে, পশ্চিমবঙ্গ পিছিয়ে যাচ্ছে—এর একটাই কারণ চুরি ও লুট।শেষে তিনি বলেন, ২০২৬ সালের নির্বাচন হবে পরিবর্তনের নির্বাচন। “২৬-এ তৃণমূলের বিসর্জন হবে”—এই ঘোষণা দেন তিন। এই সভায় বিজেপির রাজ্য যুব সভাপতি ইন্দ্রনীল খাঁ ‘জবাব চা সাগর’ নামে একটি চার্জশিট প্রকাশ করেন। তিনি বলেন, মুড়িগঙ্গা সেতু ভাঁওতাবাজি ছাড়া কিছু নয়। গঙ্গাসাগরের সেতু নির্মাণ করবে বিজেপি সরকার, আর সেই দিনটি হবে সাগরদ্বীপের মানুষের জন্য ঐতিহাসিক।তিনি অভিযোগ করেন, বিশ্বব্যাংকের টাকা নিয়ে নদীবাঁধ রক্ষার কথা বলা হলেও বাস্তবে ম্যানগ্রোভ দেখা যায় না। সাগর বিধানসভায় বহু স্কুলে মিড-ডে মিলের অভাব, আশা কর্মীদের পদ ফাঁকা এবং হাজার হাজার পরিবার নদীবাঁধ ভাঙনের আতঙ্কে দিন কাটাচ্ছে বলেও দাবি করেন তিনি।সবশেষে তাঁর বক্তব্য, “সোনার গঙ্গাসাগর গড়তে হলে বিজেপিকে ক্ষমতায় আনতেই হবে।”
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন