আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে ৭৭তম প্রজাতন্ত্র দিবস উদ্যাপন করল বিবেকানন্দ কলেজ
বেবী সরদার,কলকাতা: কলকাতার বিবেকানন্দ কলেজে অত্যন্ত উৎসাহ ও দেশপ্রেমের আবহে ৭৭তম প্রজাতন্ত্র দিবস উদ্যাপন করল। জাতীয় পতাকা উত্তোলন ও এনসিসি পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। এনসিসি ক্যাডেটদের কুচকাওয়াজ অনুষ্ঠিত হয় এবং উপস্থিত সকলেই সম্মিলিতভাবে জাতীয় সংগীত পরিবেশন করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২০ বেঙ্গল ব্যাটালিয়ন এন.সি.সি র কমান্ডিং অফিসার কর্নেল সমীর মোহিতে। কলেজের অধ্যক্ষ ড. ভাস্কর মহানায়ক, এ.এন.ও লেফটেন্যান্ট নবাঙ্কুর রায় সহ শিক্ষক-শিক্ষিকা, শিক্ষাকর্মী, বর্তমান ও প্রাক্তন এনসিসি ক্যাডেট এবং ছাত্রছাত্রীরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
অধ্যক্ষ ড. ভাস্কর মহানায়ক তাঁর বক্তব্যে প্রজাতন্ত্র দিবসের তাৎপর্য তুলে ধরেন। তিনি ন্যায়, স্বাধীনতা, সাম্য ও ভ্রাতৃত্বের আদর্শের উপর প্রতিষ্ঠিত ভারতের সংবিধানের কথা উল্লেখ করেন এবং সততা, উদ্ভাবন ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের মাধ্যমে দেশগঠনে ছাত্রসমাজের ভূমিকার উপর বিশেষ গুরুত্ব আরোপ করেন।
প্রধান অতিথি কর্নেল সমীর মোহিতে ভারতের স্বাধীনতা সংগ্রামে বাংলার অবদান স্মরণ করে রাজ্যের দেশপ্রেমের ঐতিহ্য ও আত্মত্যাগের কথা উল্লেখ করেন। তিনি বিবেকানন্দ কলেজের এন.সি.সি. ইউনিটের প্রশংসা করে জানান, ২০ বেঙ্গল ব্যাটালিয়নের অধীনে এটি সেরা ইউনিট হিসেবে বিবেচিত। তিনি এ.এন.ও লেফটেন্যান্ট নবাঙ্কুর রায়ের দেশগঠনে অবদানের ভূয়সী প্রশংসা করেন এবং ক্যাডেটদের জাতির সেবায় অগ্রসর হওয়ার জন্য অনুপ্রাণিত করেন।
অনুষ্ঠানের একটি বিশেষ আকর্ষণ ছিল এসইউও অনিমেষ থাপার গোল্ডেন এসইউও পদে পদোন্নতি প্রদান, যা তাঁর নিষ্ঠা ও পরিশ্রমের স্বীকৃতি।
শেষে কর্নেল মোহিতে বিবেকানন্দ কলেজ পরিবারের সকলকে প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা জানান। এরপর দেশাত্মবোধক গান, নৃত্য ও আবৃত্তি নিয়ে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। ক্যাডেটদের পরিবেশনা অধ্যক্ষ ও এ.এন.ও-র প্রশংসা অর্জন করে।
সমগ্র অনুষ্ঠানটি সাফল্যের সঙ্গে সম্পন্ন হয় এবং বিবেকানন্দ কলেজ পরিবারে দেশপ্রেম ও ঐক্যের চেতনাকে আরও সুদৃঢ় করে তোলে।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন