*বাংলাদেশের জেল থেকে মুক্তি পেয়ে ঘরে ফিরলেন ২৩ জন ভারতীয় মৎস্যজীবী*
অমিত মন্ডল, ফ্রেজারগঞ্জ: অবশেষে কাটল তিন মাসের অন্ধকার। বাংলাদেশের বাগেরহাট জেল থেকে মুক্তি পেয়ে শুক্রবার নিজের দেশের মাটিতে পা রাখলেন ২৩ জন ভারতীয় মৎস্যজীবী। এদের মধ্যে পশ্চিমবঙ্গের ১৪ জন এবং অন্ধ্রপ্রদেশের ৯ জন মৎস্যজীবী রয়েছেন।
শুক্রবার দক্ষিণ ২৪ পরগনার ফ্রেজারগঞ্জ মৎস্য বন্দরে কাকদ্বীপের মহকুমা শাসক এবং উপকূল রক্ষী বাহিনীর উপস্থিতিতে ১৪ জন মৎস্যজীবীকে পরিবারের হাতে তুলে দেওয়া হয়।
প্রশাসন সূত্রে জানা গিয়েছে, গত বছরের ১৩ অক্টোবর ‘এফবি শুভযাত্রা’ নামের ট্রলারে চড়ে কুলতলী থেকে ১৪ জন মৎস্যজীবী গভীর সমুদ্রে মাছ ধরতে গিয়েছিলেন। ১৯ অক্টোবর মাঝ সমুদ্রে হঠাৎ ট্রলারের ইঞ্জিন বিকল হয়ে যাওয়ায় সেটি নিয়ন্ত্রণ হারিয়ে ভাসতে ভাসতে বাংলাদেশের জলসীমায় ঢুকে পড়ে। অনুপ্রবেশের অভিযোগে বাংলাদেশের নৌবাহিনী তাঁদের আটক করে এবং আদালতের নির্দেশে বাগেরহাট জেলা কারাগারে পাঠানো হয়। একই সময় অন্ধ্রপ্রদেশের ৯ জন মৎস্যজীবীও পৃথকভাবে বাংলাদেশে আটক হয়েছিলেন।
দীর্ঘ কূটনৈতিক আলোচনার পর বৃহস্পতিবার ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক জলসীমায় দুই দেশের উপকূল রক্ষী বাহিনীর উপস্থিতিতে এক বিশাল বিনিময় প্রক্রিয়া সম্পন্ন হয়। ভারত সরকার বাংলাদেশের ১১৫ জন মৎস্যজীবীকে মুক্তি দেয়, যার বিনিময়ে বাংলাদেশ সরকার ২৩ জন ভারতীয় মৎস্যজীবীকে ভারতের হাতে তুলে দেয়। শুক্রবার ওই ২৩ জনকে ফ্রেজারগঞ্জ মৎস্য বন্দরে নিয়ে আসা হয়।
এদিন বন্দরে উপস্থিত ছিলেন ভারতীয় উপকূল রক্ষী বাহিনীর ফ্রেজারগঞ্জ ঘাটির ডেপুটেড কমান্ডেন্ট অফিসার সুরেন্দ্র লাখরা, কাকদ্বীপের মহকুমা শাসক প্রীতম সাহা, নামখানার বিডিও সুব্রত মল্লিক,সাগরের এসডিপিও সুমন কান্তি ঘোষ, ফ্রেজারগঞ্জ কোস্টাল থানার ওসি সুদীপ মণ্ডল সহ উচ্চপদস্থ আধিকারিকরা।১৪ জন মৎস্যজীবীর মধ্যে কাকদ্বীপ, কুলতলী ও হুগলির বাসিন্দারা রয়েছেন। দীর্ঘ তিন মাস পর স্বামীকে ফিরে পেয়ে কুলতলীর এক মৎস্যজীবীর স্ত্রী চোখের জলে বলেন, "ভেবেছিলাম আর দেখা হবে না, সরকারকে অনেক ধন্যবাদ।" মুক্তি পাওয়া মৎস্যজীবীরা জানান, বাংলাদেশে থাকাকালীন তাঁদের ওপর কোনও অত্যাচার করা হয়নি, তবে বিদেশের মাটিতে বন্দি থাকার আতঙ্ক প্রতি মুহূর্ত তাড়া করত।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন