নির্বাচন কমিশনের বিরুদ্ধে প্রতীকি প্রতিবাদে অভিনব কর্মসূচিতে সামিল হলেন গ্রামবাসীরা।
রবীন্দ্রনাথ মন্ডল;নামখানা: নির্বাচন কমিশনের বিরুদ্ধে প্রতীকি প্রতিবাদে অভিনব কর্মসূচিতে সামিল হলেন গ্রামবাসীরা। “কোনও দেশবাসী বাদ্যযন্ত্র নয়, কিন্তু আমাদের বাদ্যযন্ত্রের মতো বাজানো হচ্ছে”—এই অভিযোগ তুলে বাজনা বাজিয়েই শুনানি কেন্দ্রে হাজির হলেন তাঁরা। ঘটনাটি দক্ষিণ ২৪ পরগনা জেলার নামখানা ব্লকের মৌসুনি দ্বীপে।
মৌসুনি বালিয়াড়ার ২৬৮ নম্বর বুথে মোট ভোটার সংখ্যা ১৩২৯ জন। অথচ এসআইআর (SIR) হিয়ারিং-এর নোটিশ এসেছে প্রায় ৬৫০ জন ভোটারের নামে। গ্রামবাসীদের অভিযোগ, তাঁদের কাছে নাগরিকত্বের সমস্ত বৈধ নথিপত্র থাকা সত্ত্বেও অহেতুক হয়রানি করা হচ্ছে। তাঁদের দাবি, তাঁরা এই দেশের নাগরিক, নামখানার মৌসুনি তাঁদের জন্মভূমি। শুধু তাই নয়, ২০০২ সালের ভোটার তালিকাতেও তাঁদের নাম নথিভুক্ত রয়েছে।
তবুও নির্বাচন কমিশনের পক্ষ থেকে বারবার নোটিশ পাঠিয়ে তাঁদের সন্দেহের চোখে দেখা হচ্ছে বলে অভিযোগ। এই পরিস্থিতিতে ক্ষুব্ধ গ্রামবাসীরা জানান, তাঁদের অধিকার কেড়ে নেওয়ার চেষ্টা করা হলে তাঁরা চুপ করে থাকবেন না। সেই প্রতিবাদেরই প্রতীক হিসেবে বৃহস্পতিবার সকালে তাঁরা একত্রিত হয়ে বাজনা বাজাতে বাজাতে শুনানি কেন্দ্রে উপস্থিত হন।
গ্রামবাসীদের এই অভিনব প্রতিবাদ এখন গোটা এলাকায় আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন