তিন মাসের বন্দিদশা শেষ; ৫ টি ট্রলার নিয়ে স্বদেশের পথে ১১৫ বাংলাদেশী মৎস্যজীবী

অমিত মন্ডল, ফ্রেজারগঞ্জ: আন্তর্জাতিক জলসীমা লঙ্ঘনের দায়ে আটক হওয়া ১১৫ জন বাংলাদেশি মৎস্যজীবীকে দীর্ঘ তিন মাস পর মুক্তি দিল ভারত সরকার। ৫টি ট্রলার-সহ এই মৎস্যজীবীরা বুধবার বেলা ১১টা নাগাদ ফ্রেজারগঞ্জ থেকে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দিল। এই বিদায়বেলায় প্রশাসনিক উদারতা ও আতিথেয়তায় মুগ্ধ ও আবেগপ্রবণ হয়ে পড়েন প্রতিবেশী দেশের মৎস্যজীবীরা।

প্রায় তিন মাস আগে গভীর সমুদ্রে মাছ ধরতে গিয়ে ভারতীয় জলসীমায় ঢুকে পড়েছিল ৫টি বাংলাদেশি ট্রলার। সেই সময় আন্তর্জাতিক জলসীমানা  লঙ্ঘনের অভিযোগে ভারতীয় উপকূলরক্ষী বাহিনী  তাঁদের আটক করে পুলিশের হাতে তুলে দেয়। এরপর থেকেই তাঁরা জেল হেফাজতে ছিলেন। দীর্ঘ কূটনৈতিক আলোচনা এবং প্রশাসনিক আইনি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর বুধবার স্বদেশের উদ্দেশ্যে রওনা দিল ১১৫ জন বাংলাদেশী মৎস্যজীবী। 
এদিন সকালে ফ্রেজারগঞ্জ মৎস্য বন্দরে  মৎস্যজীবীদের হাতে তাঁদের ৫টি ট্রলার ও প্রয়োজনীয় জীবনধারণের সরঞ্জাম বুঝিয়ে দেওয়া হয়। তবে কেবল মুক্তি নয়, ভারতীয় প্রশাসনের পক্ষ থেকে মৎস্যজীবীদের পাথেয় হিসেবে শীতের নতুন পোশাক এবং পর্যাপ্ত শুকনো খাবার ও জলের প্যাকেট তুলে দেওয়া হয়।ফেরার মুহূর্তে বাংলাদেশি মৎস্যজীবীরা জানান, গত তিন মাস তাঁরা ভারতের কারাগারে থাকলেও তাঁদের প্রতি কোনও অমানবিক আচরণ করা হয়নি। বরং প্রশাসনের পক্ষ থেকে তাঁদের খাবার ও চিকিৎসার সুব্যবস্থা করা হয়েছিল।  এ বিষয়ে মুক্তি পাওয়া বাংলাদেশী মৎস্যজীবী আব্দুল রাজ্জাক, এমডি সেলিম, মোহাম্মদ শাহাবুদ্দিনরা বলেন, "এদেশে থাকাকালীন আমাদের পরিষেবার কোনও ত্রুটি রাখেনি সরকার। আজ নিজের দেশে ফিরে যাচ্ছি ঠিকই, কিন্তু এদেশের মানুষের ভালোবাসা সাথে নিয়ে যাচ্ছি।"
এদিন ফ্রেজারগঞ্জ মৎস্য বন্দরে পুরো প্রক্রিয়াটি তদারকি করতে উপস্থিত ছিলেন কাকদ্বীপের মহকুমা শাসক প্রীতম সাহা , নামখানার বিডিও সুব্রত মল্লিক,সাগরের এসডিপিও সুমন কান্তি ঘোষ , ফ্রেজারগঞ্জ কোস্টাল থানার ওসি সুদিপ মণ্ডল এবং ইন্ডিয়ান কোস্ট গার্ডের উচ্চপদস্থ আধিকারিকরা। প্রশাসন সূত্রে জানা গেছে, ফ্রেজারগঞ্জ থেকে রওনা হওয়া এই মৎস্যজীবীদের বুধবার বিকেলে ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক জলসীমানায় নিয়ে যাওয়া হবে। সেখানে ভারতীয় উপকূলরক্ষী বাহিনী আনুষ্ঠানিকভাবে তাঁদের বাংলাদেশ কোস্ট গার্ডের হাতে তুলে দেবে।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

গ্রামীণ মানুষের জন্য রেডিও বিষয় কর্মশালা

ভুসো কালি ও আঠায় নরেন্দ্র মোদীর প্রতিকৃতি, জন্মদিনে শিল্পীর অভিনব শ্রদ্ধার্ঘ্য

নামখানাতে ছাত্র-ছাত্রীদের নিয়ে বিশ্ব দুগ্ধ দিবস উদযাপন*