সাগরপাড়ে ‘সুরক্ষিত তট, সমৃদ্ধ ভারত’-এর শপথ; বকখালি থেকে ৬৬০০ কিমি সাইক্লোথনের সূচনা করল সিআইএসএফ*
অমিত মণ্ডল, বকখালি: ‘সুরক্ষিত তট, সমৃদ্ধ ভারত’— এই মন্ত্রকে সামনে রেখে বকখালির সমুদ্রতট থেকে শুরু হলো এক ঐতিহাসিক যাত্রা। বুধবার সকালে কেন্দ্রীয় শিল্প নিরাপত্তা বাহিনী -এর উদ্যোগে আয়োজিত ‘বন্দেমাতরম কোস্টাল সাইক্লোথন-২’-এর আনুষ্ঠানিক সূচনা হলো দক্ষিণ ২৪ পরগনার বকখালিতে। বুধবার সকালে জাতীয় পতাকা নেড়ে এই মেগা ইভেন্টের সূচনা করেন কিংবদন্তি ফুটবলার গৌতম সরকার এবং গার্ডেনরিচ শিপ বিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের অবসরপ্রাপ্ত সিএমডি পি. আর. হরি।
সিআইএসএফ সূত্রে জানা গিয়েছে, এই সাইক্লোথনটি ভারতের পূর্ব ও পশ্চিম উপকূলের মোট ৯টি রাজ্যের প্রায় ৬,৫০০ কিলোমিটার পথ অতিক্রম করবে। আগামী ২৫ দিন ধরে চলবে এই অভিযান। বকখালি থেকে শুরু হওয়া এই অভিযানে সিআইএসএফ-এর মোট ১৩০ জন দক্ষ জওয়ান অংশ নিয়েছেন। এই বাহিনীর একটি বিশেষ দিক হলো নারীশক্তির জয়গান ১৩০ জনের এই দলে ৬৫ জনই মহিলা জওয়ান।
এদিনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিআইএসএফ-এর আইজি নীলিমা রাণী, ডিআইজি কে. প্রতাপ সিং-সহ একাধিক উচ্চপদস্থ আধিকারিক। এ ছাড়াও ফ্রেজারগঞ্জ কোস্ট গার্ড ঘাঁটির আধিকারিকদের উপস্থিতিও ছিল লক্ষ্যণীয়। তাঁদের উপস্থিতিতে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে জওয়ানরা সাইকেল নিয়ে সমুদ্রতট ধরে এগিয়ে যান।
এই অভিযানের অন্যতম প্রধান লক্ষ্য হলো ‘কমিউনিটি ইন্টারঅ্যাকশন’। ২৫ দিনের এই যাত্রাপথে জওয়ানরা বিভিন্ন স্কুল-কলেজের ছাত্রছাত্রী এবং মৎস্যজীবী পরিবারগুলির সঙ্গে সরাসরি কথা বলবেন। উপকূলবর্তী এলাকার স্বচ্ছতা বজায় রাখা, সমুদ্রপথে অনুপ্রবেশ রোধ এবং জাতীয় নিরাপত্তা সম্পর্কে বাসিন্দাদের সচেতন করাই এই ‘কোস্টাল সাইক্লোথন’-এর মূল উদ্দেশ্য।
সিআইএসএফ আধিকারিকদের মতে, উপকূলীয় বাসিন্দারাই হলো দেশের আসল প্রহরী। তাঁদের সচেতন করার মাধ্যমেই সমুদ্রসীমা সুরক্ষিত রাখা সম্ভব। বকখালি থেকে শুরু হওয়া এই সাইকেল অভিযান আগামী দিনে ভারতের উপকূলীয় সুরক্ষার ইতিহাসে এক নতুন মাইলফলক তৈরি করবে বলে আশা করা হচ্ছে।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন